আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২ নম্বর শৌলমারী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ওমর ফারুক। ২২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি হাট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগকালে ওমর ফারুক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। ওমর ফারুক বলেন, “অবহেলিত ২ নম্বর শৌলমারী ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।” তিনি আরও বলেন, “আমি আমার বাবার মতো আদর্শ রাজনৈতিক হিসেবে দায়িত্ব পালন করতে চাই।” গণসংযোগকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায় বলে জানান সংশ্লিষ্টরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা ধীরে ধীরে বাড়ছে। গণসংযোগের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা, উন্নয়নের রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় ওমর ফারুকের গণসংযোগও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনায় এসেছে।
মন্তব্য করুন